সম্প্রচারকারী চ্যানেলের ওপর ক্ষুব্ধ রোহিত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অধিনায়ক রোহিত শর্মা।
সম্প্রচারকারী চ্যানেলের ওপর ক্ষুব্ধ রোহিত
রোহিত জানিয়েছেন, বিনীত অনুরোধ সত্ত্বেও সতীর্থ ও সহকর্মীদের সঙ্গে ব্যক্তিগত সংলাপের অডিও ও ভিডিও ফুটেজ শেয়ার করেছে স্টার স্পোর্টস। ক্রমাগত ক্রিকেটারদের এমন গোপনীয়তা বজায় না রাখায় স্টার স্পোর্টসের কর্মীদের সাধারণ জ্ঞান ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন ভারত অধিনায়ক। বেশি বেশি ক্লিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের পেজের প্রচার করতেই তারা এমন করছে বলে মনে করেন রোহিত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্টার স্পোর্টসের নিন্দা করে রোহিত বলেছেন, ‘ক্রিকেটারদের জীবন এতই খোলামেলা হয়ে গেছে যে ক্যামেরাগুলো এখন প্রতিটি পদক্ষেপ ও অনুশীলন বা ম্যাচের দিন সতীর্থ ও সহকর্মীদের মধ্যকার কথোপকথন রেকর্ড করছে। স্টার স্পোর্টসকে আমার কথোপকথন রেকর্ড না করার জন্য বলা সত্ত্বেও তারা রেকর্ড করে সম্প্রচার করেছে। যা গোপনীয়তার লঙ্ঘন।’
রোহিত আরও বলেন, ‘বিশেষ কনটেন্ট পেতে এবং শুধুমাত্র ভিউ ও এনগেজমেন্টের ওপর এত বেশি জোর দেওয়ায় একদিন সমর্থক, ক্রিকেটারদের মধ্যে আস্থাও উঠে যাবে। তার চেয়ে ভালো নিজেদের মাথা খাটান আরও ‘
সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে রোহিতের কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এছাড়াও, কয়েকদিন আগে প্রাক্তন মুম্বাই ইন্ডিয়ানস ও ভারতের সতীর্থ ধাওয়াল কুলকার্নির সঙ্গে কথোপকথনের সময় সেটি রেকর্ড করে সম্প্রচারকারী চ্যানেল। সেসময় ক্যামেরাম্যানকে অডিওটি মুছে দেওয়ার অনুরোধ করেন রোহিত।

এবারের আইপিএলে বেশ কঠিন অবস্থার মধ্য দিয়ে পার করেছে মুম্বাই। ১০ দলের এই টুর্নামেন্ট সবার নিচে থেকে শেষ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও এবার মুম্বাইয়ের নেতৃত্বে ছিলেন না রোহিত। আগামী মৌসুমে ক্লাবটিতে রোহিত আর থাকবেন না বলে গুঞ্জন আছে।