আমাদের আজকের আলোচনার বিষয় ক্রিকেটের সংক্ষিপ্ত ইতিহাস ।
ক্রিকেটের সংক্ষিপ্ত ইতিহাস

ক্রিকেট সম্পর্কে পাওয়া সবচেয়ে পুরানো তথ্য অনুসারে ১৫৯৮ সালে এই খেলাটির নাম প্রকাশিত হয়েছিল। ষোড়শ শতকের শুরুর দিকে ইংল্যন্ডে ক্রিকেট খেলার প্রচলন ছিল। তবে তখন একে “creckett” বলা হত। শুরুতে বাচ্চাদের খেলা হিসাবে প্রচলিত হলেও পরবর্তীতে এটি আরো সুসংগঠিত হয়ে প্রধান সারির ক্রীড়ায় পরিগণিত হয়। সপ্তদশ শতকে ক্রিকেট লন্ডন ও দক্ষিণ ইংল্যন্ডে একটি জনপ্রিয় ক্রীড়ায় পরিণত হয়। জুয়ারীদের আগ্রহ ও ধনীদের বিনিয়োগে তখন কাউন্টি দল, পেশাদার খেলোয়াড় এবং ক্রিকেটের বড় ক্লাবগুলোর উৎপত্তি হয়।
সেইসাথে রাজপরিবারের সদস্যসহ গণ্যমান্য অনেকে ক্রিকেটের আইন- কানুন ও উন্নয়নে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঊনবিংশ শতাব্দির শুরুতে ইংরেজদের উপনিবেশিক শাসনামলে ক্রিকেট এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং এমনকি উত্তর আমেরিকায়ও ছড়িয়ে পড়ে। শুরুর দিকে ক্রিকেট খেলা ছিল অনির্দিষ্টকাল ব্যাপী – অনেকটা এখনকার টেস্ট ম্যাচের মত। ইতিহাসের প্রথম আনুষ্ঠানিক টেস্ট ম্যাচটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৮৭৭ সালের ১৫ই মার্চ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল।
এই খেলায় অস্ট্রেলিয়া ৪৫ রানে জয়লাভ করে। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বের দুই দশককে ‘ক্রিকেটের স্বর্ণযুগ’ বলা হয়। কারণ তখন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা নিয়মিত টেস্ট ম্যাচ খেলত। পরবর্তীতে ব্রিটিশ উপনিবেশগুলোতে এই খেলা ব্যাপকভাবে প্রভাব বিস্তার লাভ করে।
বৃষ্টিপাত ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ৫দিন ব্যাপী টেস্ট ম্যাচগুলো প্রায় সময় ঠিকমত শেষ করা যেত না। এতে ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহ কমতে থাকে। তাছাড়া মানুষের সামাজিক ও কর্মজীবনে ব্যাপক পরিবর্তনের কারণে কয়েকশ বছর আগের মতো দিনের পর দিন মাঠে বসে খেলা দেখার সময় ও সুযোগ অনেকের হয় না। তাই ১৯৬৩ সালে ইংল্যান্ডে কাউন্টি ক্লাবে প্রতিযোগীতার জন্য প্রথম সীমিত ওভারের ক্রিকেট খেলার প্রবর্তন করে। এরপর ইংল্যান্ডের মত অন্যান্য দেশগুলোও সীমিত ওভারের ক্রিকেট শুরু করে।
১৯৭১ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ‘আইসিসি’ ক্রিকেটর খেলুড়ে সবগুলো দেশকে নিয়ে ১৯৭৫ সালের ৭ জুন ইংল্যান্ডে প্রথম বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করে। এতে অংশগ্রহণ করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
ফাইনালে অস্ট্রেলিয়াকে ১৭ রানের ব্যবধানে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ প্রথম বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করে। বর্তমান যুগের গতিশীল জীবনযাত্রায় সকাল থেকে বিকাল পর্যন্ত মাঠে বসে খেলা দেখার মত সময় অনেক ক্রিকেটপ্রেমী মানুষের হাতেও নেই। তাই সময় ও যুগের সাথে তাল মিলিয়ে এবং ক্রিকেটকে ফুটবলের মত গতিশীল ও জনপ্রিয় করতে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ২০০৩ সালে সর্বপ্রথম ২০ ওভারের Twenty20 (T20) ক্রিকেট খেলার প্রবর্তন করে। ২০ ওভারের একটি ম্যাচ শেষ হতে প্রায় তিন ঘন্টা সময় লাগে।

২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি অকল্যান্ডের ইডেন পার্কে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম আন্তর্জাতিক টি- টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্টিত হয়। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম টি- টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারত পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য, ক্রিকেটের ইতিহাস দীর্ঘ হলেও আন্তর্জাতিক মানের ম্যাচ খেলে মাত্র ৮ থেকে ১০টি দেশ। কিছু কিছু দেশ অনেকটা এগিয়ে আসলেও আন্তর্জাতিক মানের পর্যায়ে আসতে এখনো অনেক সময় বাকী।
