ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত শ্রীলঙ্কায় এসএলসির ৩০০ মিলিয়ন রুপি অনুদান

ঘূর্ণিঝড় ‘দিতওয়া’-র আঘাতে শ্রীলঙ্কায় সৃষ্টি হয়েছে গুরুতর মানবিক বিপর্যয়। ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত ৪৭৪ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় চার শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেশে ‘রিবিল্ডিং শ্রীলঙ্কা তহবিল’ গঠন করেছে সরকার। এই তহবিলে ৩০০ মিলিয়ন রুপি অনুদান দেওয়ার ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

আজ এক বিবৃতিতে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড জানায়, জাতীয় দলের একটি প্রতীকী প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই এ সহায়তা প্রদান করা হচ্ছে। বোর্ডের ধারণা, সরকারের জরুরি ত্রাণ কার্যক্রম এবং ক্ষতিগ্রস্ত এলাকার গুরুত্বপূর্ণ জনসেবা পুনরুদ্ধারে এই অর্থ বিশেষ সহায়ক হবে।

বিবৃতিতে তারা আরও জানায়, ঘূর্ণিঝড়ের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা পুনর্গঠনে সরকারের চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে পাকিস্তান সফর থেকে পাওয়া সব আয়ের অর্থ বন্যাদুর্গতদের জন্য দেওয়ার ঘোষণা করেছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা।

সহায়তার অংশ হিসেবে প্রধান কোচ সানৎ জয়সুরিয়া বলেন,
‘দেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমরা সবাই গভীরভাবে মর্মাহত। পাকিস্তান সফরের ম্যাচ ফি এবং সব আয় বন্যার্তদের সহায়তায় দিচ্ছি। কঠিন সময় আমাদের একসঙ্গে মোকাবিলা করতে হবে।’

এসএস

Leave a Comment