চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন তানজিদ হাসান তামিম। সেঞ্চুরির একদম কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত থামতে হয়েছে ৮৯ রানে। যদিও তার এই ইনিংস বাংলাদেশকে জয়ের দেখা দিতে পারেনি, তবে গড়েছেন এক অনন্য রেকর্ড।
মাত্র ৪২ ইনিংসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রান পূর্ণ করেছেন এই বাঁহাতি ওপেনার। এর মাধ্যমে তিনি হয়ে গেলেন বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুত এক হাজার রান করা ব্যাটার। এর আগে এই রেকর্ড ছিল তাওহিদ হৃদয়ের দখলে, যিনি ৪৫ ইনিংসে পৌঁছেছিলেন এই মাইলফলকে। তানজিদ তিন ইনিংস আগেই রেকর্ডটি নিজের করে নেন।
শেষ ওভারে আউট হওয়ার আগে তানজিদের ব্যাট থেকে আসে ৬২ বলে ৮৯ রান, যেখানে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা। তবে তার ইনিংস সত্ত্বেও বাংলাদেশ হোয়াইটওয়াশ এড়াতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে পাঁচ উইকেটে, ফলে তিন ম্যাচের সিরিজ তারা ৩-০ ব্যবধানে জিতে নেয়।
যদিও বাংলাদেশের রেকর্ড এখন তানজিদের দখলে, আন্তর্জাতিক পর্যায়ে দ্রুততম এক হাজার রানের বিশ্বরেকর্ডটি এখনো ইংল্যান্ডের দাভিদ মালানের। তিনি করেছিলেন মাত্র ২৪ ইনিংসে।
চট্টগ্রামে নামার সময় তানজিদের রান ছিল ৯৬৭। ইনিংসের শুরুতে দুবার ক্যাচে বেঁচে যান, একবার রিভিউ নিয়েও রক্ষা পান। এরপর আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছেন একের পর এক দৃষ্টিনন্দন শট।
৩৭ বলে তিনি পূর্ণ করেন ক্যারিয়ারের দশম টি-টোয়েন্টি ফিফটি। সবশেষ ১২ ইনিংসে এটি তার পঞ্চম ফিফটি এবং টানা দ্বিতীয় অর্ধশতক।
