ভারতের ড্রেসিংরুমে এমন অনেক ক্রিকেটার আছেন, যাঁরা সহজেই ইংরেজিতে সাক্ষাৎকার দেন। আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে খেলতে অনেকেই ভাষাটিতে সাবলীল হয়ে যান। কিন্তু অক্ষর প্যাটেল একটু আলাদা—হিন্দিতেই কথা বলতে পছন্দ করেন তিনি, সেটা গত ১১ বছরেও বদলায়নি।
তবু এই ভাষাগত পছন্দ তাঁকে পিছিয়ে দেয়নি। বরং একেবারে উল্টোভাবে ভাবেন তিনি। অক্ষরের মতে, একজন ক্রিকেটার নেতৃত্ব দেবেন কিনা, সেটা কখনোই ইংরেজি বলার দক্ষতায় নির্ধারিত হওয়া উচিত নয়।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে অক্ষর বলেন, ‘দীর্ঘদিন ধরে একটা ভুল ধারণা চলে আসছে—যে শুধু ইংরেজিতে সাবলীল, সেই অধিনায়ক হতে পারে। কিন্তু নেতৃত্বের আসল জায়গা হলো পরিষ্কার চিন্তা ও যোগাযোগের ক্ষমতা।’
ভারতের হয়ে তিন সংস্করণে ১৬৮ ম্যাচ খেলা এই অলরাউন্ডার আরও বলেন, ‘লোকজন ভাবে, ইংরেজি না জানলে অধিনায়ক কীভাবে কথা বলবে! কিন্তু অধিনায়কের কাজ শুধু বলা নয়—সে জানে, কে কীভাবে খেললে ভালো করবে, কার শক্তি কোথায়।’
অক্ষরের চোখে নেতৃত্ব মানে নিজের দলের খেলোয়াড়দের বোঝা। তাঁর ভাষায়, ‘ভালো ইংরেজি মানেই ভালো নেতৃত্ব—এটা ভুল ধারণা। মানুষকে এই চিন্তাভাবনা বদলাতে হবে।’
তিনি আরও বলেন, ‘এখন সবাই মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার প্রভাবে সিদ্ধান্ত নেয়। কে জনপ্রিয়, কে ইংরেজিতে ভালো কথা বলে—এসব দেখে বিচার করা হয়। কিন্তু আসল নেতৃত্ব এসবের বাইরেই।’
এ বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পূর্ণকালীন অধিনায়ক ছিলেন অক্ষর। তাঁর নেতৃত্বে দলটি পঞ্চম হয়ে মৌসুম শেষ করে, অল্পের জন্য প্লে-অফ মিস করে।
নিজের অধিনায়কত্বের ধরন নিয়ে অক্ষর বলেন, ‘আমি চাই, দলটা হোক বন্ধুত্বপূর্ণ, প্রাণবন্ত। কিন্তু কেউ যেন দায়িত্ব ভুলে না যায়। জয়ের জন্য আগে যা দরকার, সেটা করব; তারপর উপভোগ করব।’
আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টেস্ট সিরিজ শুরু হবে। অক্ষর একাদশে জায়গা পাবেন কি না, সেটি এখনও নিশ্চিত নয়।
