বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড, জানুন পূর্ণাঙ্গ সূচি

২০২৩ সালের এপ্রিলের পর আবারও বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। এই সফরে তারা স্বাগতিক বাংলাদেশ দলের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।

সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর ঢাকায় পৌঁছাবে আয়ারল্যান্ড দল। ৮ নভেম্বর থেকে অনুশীলন শুরু করবে তারা, এবং ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় টেস্ট ম্যাচটি ১৯ নভেম্বর ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই সিরিজটি বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের জন্যও বিশেষ, কারণ ইনজুরি মুক্ত থাকলে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ১০০টি টেস্ট ম্যাচ খেলার কীর্তি গড়বেন।

টেস্ট সিরিজ শেষে দুই দল চট্টগ্রামে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এই ম্যাচগুলো যথাক্রমে ২৭, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

Leave a Comment