প্রেমাদাসায় সিরাজ-বুমরাহর পেস তোপ, আজ এশিয়া কাপের ১৬তম আসরে ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা টস জিতে ব্যাটিংয়ে নেমেছে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর খেলা মাঠে গড়ায়। লঙ্কানরা ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই । মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহর বোলিং তোপে পড়েছে স্বাগতিকরা। ইতোমধ্যে তারা ৬ উইকেট হারিয়ে ফেলেছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টা ১০ মিনিটে খেলাটি মাঠে গড়ায়। সরাসরি দেখাচ্ছে গাজী টিভি ও টি স্পোর্টস। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১২ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। উইকেটে আছেন কুশল মেন্ডিস ৫ রানে ও দুনিথ ভেল্লালাগে ০ রানে। ছয় উইকেটের পাঁচটিই তুলে নিয়েছেন সিরাজ। বাকি একটি নিয়েছেন বুমরাহ।
প্রেমাদাসায় সিরাজ-বুমরাহর পেস তোপ, দিশেহারা শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ থেকে ভারত মোট ৬টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রসিধ কৃষ্ণা এর পরিবর্তে দলে ঢুকেছেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
লঙ্কান আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, দুপুর ১টা থেকে কলম্বোয় বৃষ্টি শুরু হবে। সন্ধ্যা ৭টা পর্যন্ত তা অব্যাহত থাকবে। ফলে মাঠে খেলা গড়ানোর সম্ভাবনা খুব কম। তবে গড়ালেও দুই দলকেই অন্তত ২০ ওভার করে খেলতে হবে। অন্যথায় ফলাফল নির্ধারণ হবে না।
অবশ্য শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য রিজার্ভ ডের ব্যবস্থা রাখা আছে। সেক্ষেত্রে সোমবার (১৮ সেপ্টেম্বর) রিজার্ভ ডেতে খেলা গড়াবে। ওই দিনও বৃষ্টির কারণে খেলা অনুষ্ঠিত না হলে উভয় দলকে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, দুশান হেমন্থ ও মাথিশা পাথিরানা।
ভারত একাদশ
শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।