বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের নির্বাচনের প্রক্রিয়া নিয়ে ক্রিকেটার রিয়া আক্তারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রাপ্ত নথি-পত্রের ভিত্তিতে জবাব দিয়েছে। বিসিবি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-কে পাঠানো চিঠিতে জানিয়েছে, দল নির্বাচনের প্রক্রিয়ায় কোনো অনিয়ম পাওয়া যায়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ সেপ্টেম্বর রিয়া আক্তার অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচনের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনএসসিকে চিঠির মাধ্যমে জানিয়েছিলেন। এরপর ১৭ সেপ্টেম্বর এনএসসি বিসিবির ব্যাখ্যা জানতে চায়। চিঠিটি নভেম্বর পর্যন্ত জবাব না দেয়ার কারণ হিসেবে বিসিবি জানিয়েছে, চিঠি আসার সময় বোর্ডের অধিকাংশ বিভাগ পরিচালনা-পর্ষদ নির্বাচনের কাজে ব্যস্ত ছিল এবং দৈনন্দিন কার্যক্রম সীমিত ছিল।
৬ অক্টোবর বিসিবির নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণের পর, নবনিযুক্ত কমিটি চেয়ারম্যানদের মধ্যে দায়িত্ব বণ্টন শেষ করে এনএসসির চিঠি ও অভিযোগ পর্যালোচনা শুরু করে। বিসিবি জানিয়েছে, প্রাপ্ত নথি-পত্রের বিস্তারিত বিশ্লেষণের পর নিশ্চিত করা হয়েছে যে, অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচন প্রক্রিয়ায় কোনো অনিয়ম ঘটেনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রিয়ার অভিযোগের বিষয়গুলো সাবেক অধিনায়ক জাহানারা আলমের সাক্ষাৎকারে উত্থাপিত অভিযোগের সঙ্গে সম্পর্কিত এবং এগুলো অনুসন্ধানের জন্য গঠিত পাঁচ সদস্যের কমিটির সামনে উপস্থাপিত হচ্ছে। বিসিবি আশা প্রকাশ করেছে যে, এই প্রক্রিয়ার মাধ্যমে নারী ক্রিকেটে স্বচ্ছতা এবং দায়িত্বশীলতা আরও নিশ্চিত হবে।
