জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে বরিশালের বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল খুলনা। চার দিনের সেই ম্যাচ আড়াই দিনেই জিতে নিয়েছিলেন মোহাম্মদ মিঠুনের দল। ম্যাচের দুই ইনিংসেই স্পিনে জাদু দেখিয়েছিলেন খুলনার ক্রিকেটার আফিফ হোসেন। এরপরই এই অলরাউন্ডার ১৫ দিনের ছুটিতে যাচ্ছেন।
প্রথম ম্যাচেই ৮ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছিলেন আফিফ। প্রথম রাউন্ডে দুর্দান্ত পারফর্ম করার পরও তিনি দ্বিতীয় রাউন্ডে অংশ নিচ্ছেন না। অনেকেই ভেবেছিলেন, মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় রাউন্ডের দলে ফিরে আসায় আফিফের জায়গা হয়নি। তবে বিষয়টি তেমন নয়।
আফিফ বিসিবিকে ই-মেইলে ১৫ দিনের ছুটি চেয়ে আবেদন করেছিলেন, যা অনুমোদিত করা হয়েছে। কারণ তিনি আবার বাবা হচ্ছেন, তাই এই সময় পরিবারের পাশে থাকতে ক্রিকেট থেকে বিশ্রাম নেওয়া জরুরি। ধারণা করা হচ্ছে, চতুর্থ রাউন্ড থেকে মাঠে ফিরবেন আফিফ।
