লজ্জার বিশ্বরেকর্ড থেকে বাংলাদেশকে মুক্তি দিল ইংল্যান্ড

ওয়ানডে ক্রিকেটে যেন ব্যাট করতে ভুলে গেছে ইংল্যান্ড দল। একের পর এক ম্যাচে ধসে পড়ছে তাদের টপ অর্ডার। কোনোদিন একজন-দুজন চেষ্টা করলেও, বেশিরভাগ দিনই পুরো ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ছে। চলতি নিউজিল্যান্ড সিরিজে সেই ব্যর্থতারই পুনরাবৃত্তি ঘটেছে, আর তাতেই ভেঙে গেছে বাংলাদেশের ৩৭ বছরের পুরোনো এক লজ্জার রেকর্ড।

তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ডের শীর্ষ চার ব্যাটারের কাছ থেকে আসেনি কোনো বড় ইনিংস। তিন ম্যাচে মিলে তাদের রান মাত্র ৮৪। দ্বিতীয় ম্যাচে তুলনামূলক কিছুটা ভালো খেলেছিল ইংল্যান্ডের টপ ফোর—সেদিন তারা করেছিল ৫৭ রান। প্রথম ম্যাচে এসেছিল মাত্র ৬ রান, আর তৃতীয় ম্যাচে আবারও ধস, রান মাত্র ২১।

ইংল্যান্ডের শীর্ষ চার ব্যাটারদের এই ব্যর্থতা যেন অভিশাপে পরিণত হয়েছে। আগের দুই ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করে যথাক্রমে ১৩৫ ও ৩৪ রান করা হ্যারি ব্রুক আজ নেমেছিলেন চার নম্বরে, কিন্তু সেখানেও ব্যর্থ—মোটে ৬ রানে আউট।

টানা তিন ম্যাচে এমন নিষ্প্রভ টপ অর্ডার পারফরম্যান্স ক্রিকেটে বহুদিন দেখা যায়নি। শেষবার কোনো দলের শীর্ষ চার ব্যাটার তিন ম্যাচ মিলিয়ে এমন বাজে খেলেছিল ১৯৮৮ সালে এশিয়া কাপে—বাংলাদেশের ব্যাটাররা সেবার তিন ম্যাচে মোটে ৮৯ রান তুলেছিলেন। এবার নিউজিল্যান্ড সিরিজে ৮৪ রান করে ইংল্যান্ড সেই রেকর্ড ভেঙে বাংলাদেশকে মুক্তি দিল লজ্জার সেই পরিসংখ্যান থেকে।

অন্তত তিন ম্যাচের সিরিজে শীর্ষ চার ব্যাটারের সর্বনিম্ন রানের তালিকায় বাংলাদেশের নাম আরও দুইবার আছে। ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে বাংলাদেশের টপ ফোর করেছিল মাত্র ১০১ রান, যা রয়েছে তালিকার চার নম্বরে।

তালিকার তিন নম্বরে আছে জিম্বাবুয়ে—২০০৯ সালে বাংলাদেশ সফরে এসে তাদের শীর্ষ চার ব্যাটার তিন ম্যাচ মিলিয়ে তুলেছিলেন মাত্র ১০০ রান।

Leave a Comment