রোহিতকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন বাবর আজম

দশ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরে প্রথম ম্যাচেই রানের খাতা না খুলেই আউট হয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। তবে দ্বিতীয় ম্যাচেই লিখে ফেললেন নতুন ইতিহাস। মাত্র ৯ রান করতেই ছাড়িয়ে গেলেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে, হয়ে গেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রানসংগ্রাহক ব্যাটার। একই ম্যাচে সাইম আইয়ুবের ঝড়ো ইনিংস ও বোলারদের দাপটে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান।

এতদিন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকের রেকর্ড ছিল রোহিত শর্মার দখলে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই ফরম্যাটটি থেকে অবসর নিয়েছিলেন তিনি। তাঁকে ছাড়িয়ে যেতে বাবরের প্রয়োজন ছিল মাত্র ৯ রান, আর শুক্রবার লাহোরে প্রোটিয়াদের বিপক্ষে ১৩ রান করে সেই রেকর্ড নিজের করে নেন পাকিস্তান অধিনায়ক। বর্তমানে তাঁর রান ৪,২৩৪; ১২৩ ইনিংসে গড় ৩৯.৫৭ এবং স্ট্রাইক রেট ১২৮.৭৭।

দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রোহিত শর্মা ১৫১ ইনিংসে ৩২.০৫ গড়ে ৪,২৩১ রান করেছেন, স্ট্রাইক রেট ১৪০.৮৯। ৪ হাজারের বেশি রান আছে আরেক ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির, যিনি ১১৭ ইনিংসে ৪৮.৬৯ গড়ে ৪,১৮৮ রান করেছেন, স্ট্রাইক রেট ১৩৭.০৪। শীর্ষ পাঁচে আরও রয়েছেন ইংল্যান্ডের জস বাটলার (৩,৮৬৯) ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং (৩,৭১০)।

গতকাল লাহোরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা শুরু থেকেই ধুঁকতে থাকে পাকিস্তানি বোলারদের সামনে। পুরো ইনিংসে প্রতিরোধ গড়তে পারেননি কেউই। সর্বোচ্চ ২৫ রান আসে ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাট থেকে, অধিনায়ক দোনোভান পেরেইরা করেন ১৫। মাত্র ১৯.২ ওভারেই দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১১০ রানে। পাকিস্তানের পক্ষে ফাহিম আশরাফ নেন ৪ উইকেট, সালমান মির্জা ৩টি ও নাসিম শাহ ২টি।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল পাকিস্তানের ওপেনিং জুটি। শাহিবজাদা ফারহান কিছুটা ধীরগতিতে ২৩ বলে ২৮ রান করে আউট হলেও অপর প্রান্তে সাইম আইয়ুব ছিলেন আগুনে মেজাজে। মাত্র ৩৮ বলে ৬ চার ও ৫ ছক্কায় খেলেন ৭১ রানের বিধ্বংসী ইনিংস। বাবর অপরাজিত থাকেন ১১ রানে। ১৩.১ ওভারেই ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান, আর তাতেই তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরায় দলটি। প্রথম ম্যাচে ৫৫ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

Leave a Comment