বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এক অনুষ্ঠানে ফুটবলারদের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স-এ বক্তব্য দিতে গিয়ে তিনি ফুটবলারদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন।
আসিফ আকবর বলেন, “ফুটবলারদের জন্য সারাদেশে ক্রিকেট খেলা ব্যাহত হচ্ছে। তারা উইকেট ভেঙে ফেলে, মাঠ দখল করে রাখে। এমনকি যেসব জায়গায় ফুটবলের কোনো প্রয়োজন নেই, সেখানেও স্টেডিয়াম দখল করে রেখেছে।”
তাঁর ভাষায়, “ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। আমি সরাসরি বলছি—ক্রিকেট ভদ্রলোকের খেলা, নিয়ম-কানুন আছে। কিন্তু ফুটবলে একজনের গায়ে বল লাগলে সবাই মিথ্যা বলে, বলে আমার থ্রো! শুরুটাই অসততা দিয়ে।”
বিসিবি সভাপতির দৃষ্টি আকর্ষণ করে আসিফ আরও বলেন, “আমরা বোর্ড প্রেসিডেন্টকে বলবো, বাফুফের সঙ্গে দ্রুত বসা দরকার। আমরা মারামারি করতে চাই না, কিন্তু প্রয়োজনে করব! কারণ আমাদের ছেলেমেয়েদের মাঠে নামতেই হবে, ওদের খেলার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।”
তবে আসিফের এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফে সদস্য গোলাম গাউস। তিনি বলেন, “আসিফ তো ক্রীড়াঙ্গনের মানুষই নন। তিনি যা বলেছেন, তাতে ফুটবলের কিছু যায় আসে না। বরং প্রশ্ন হচ্ছে—তিনি কি বক্তব্যে শালীনতা বজায় রেখেছেন?”
