পিচ-রোলিং, ঘাস কাটা ও জল দেওয়া

আমাদের আজকের আলোচনার বিষয় পিচ-রোলিং, ঘাস কাটা ও জল দেওয়া ।

পিচ-রোলিং, ঘাস কাটা ও জল দেওয়া

 

১০ নং নিয়ম

বিশেষ অনুমতি ছাড়া প্রতি দিন ও প্রতি ইনিংসের খেলা শুরুর সময় ছাড়া অন্য কোন সময়ে ( অর্থাৎ খেলার মাঝে) পিচ রোলিং করা চলবে না। কিন্তু এই সময়ে ব্যাটিং দলের অধিনায়কের ইচ্ছানুযায়ী মাত্র সাত মিনিট ঝাঁট দেওয়া ও রোলিং করা চলতে পারে—তার বেশী নয়।

তিন দিনের কম সময়ের খেলাগুলোতে আম্পায়ারের তত্ত্বাবধানে খেলা আরম্ভের পর একদিন অন্তর ঘাস কাটা হবে বিশেষ বিধি মত। কিন্তু যদি কোন কারণে কোনদিন খেলা না হয় তাহলে পিচের ঘাস কোনমতেই কাটা হবে না । বন্ধের পর খেলা যেদিন শুরু হবে সেদিন পিচের ঘাস কাটা হবে তারপর একদিন অন্তর ( বিশ্রামের দিনকে পুরো দিন হিসেবে ধরা হবে )। – আর ম্যাচের মধ্যে কোন কারণেই পিচে জল দেওয়া হবে না।

দ্রষ্টব্য

(ক) আম্পায়ার ব্যাটিং দলের অধিনায়কের অনুরোধে আইন- সঙ্গতভাবে পিচ রোলিং করতে দিতে পারেন। তবে তাঁকে লক্ষ্য রাখতে হবে যে এর জন্যে খেলা আরম্ভে যেন বিলম্ব না হয়।

(খ) যদি কোন অধিনায়ক খেলার সময় ইনিংস সমাপ্তি ঘোষণা করেন, তাহলে পিচ রোলিং করার সময় খেলার সময়ের মধ্যে ধরা হবে।

(গ) অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও নিউজিল্যাণ্ডে খেলার মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকে বলে কতকগুলি বিশেষ অধিকার ওদেশের আম্পায়ারদের দেওয়া হয়েছে ।

(ঘ) খেলার তৃতীয় দিনে আম্পায়ারের তদারকে পিচের ঘাস কাটা চলতে পারে। এরপর প্রয়োজন হলে একদিন অন্তর ঘাস কাটা যাবে ।

(ঙ) ব্যাটিং দলের অধিনায়ক ইচ্ছানুযায়ী খেলা আরম্ভের ১০ মিনিট আগে পর্যন্ত রোলিং মুলতুবি রাখতে পারেন ।

 

বিশেষ মতামত

আম্পায়ার পিচ রোলিং করতে দিতে পারেন, কিন্তু খেলার দ্বিতীয় দিন থেকে প্রতি দিন খেলা আরম্ভের ৩০ মিনিট আগে রোলিং করা চলবে না। বৃটিশ যুক্তরাজ্য ব্যতীত অন্য কোন দেশে বৃষ্টির দরুন পিচ নষ্ট হয়ে গেলে আম্পায়ারের নির্দেশে ও গ্রাউণ্ডম্যানের ( মালীর) তত্ত্বাবধানে ১০ মিনিট রোলিং করা চলতে পারে, তবে এইরূপ রোলিং গ্রাউণ্ডম্যানের মতামত নিয়ে বিশেষ সময়ে করতে হবে এবং প্রতি দিনের বৃষ্টির দরুন একবারের বেশী করা চলবে না ।

১০নং নিয়মাবলী অনুযায়ী প্রতিদিন খেলার প্রারম্ভে রোলিং, এইরূপ বিশেষ রোলিং হওয়ার দিন, খেলা শুরুর দু’ঘণ্টার মধ্যে হতে পারবে না । আবহাওয়া খারাপ থাকার জন্যে যদি খেলা বন্ধ থাকে, তবে যেদিন খেলা শুরু হবে, সেদিন সকালে পিচের ঘাস কাটা চলবে ।

ক্রিকেট খেলার সময় বৃষ্টিতে পিচ ভিজে গিয়ে এমন অবস্থা দাঁড়ায়, যার ফলে, পিচ না শুকানো পর্যন্ত আর খেলা চালান যায় না । তাই যদি আগে থেকে পিচ ঢাকার ব্যবস্থার কথা ঠিক হয়ে থাকে, তাহলে পিচ সম্পূর্ণভাবে ঢাকা হবে। আর তা না হলে বোলারদের রান আপ অর্থাৎ ছোটার জায়গাটা ঢেকে রাখা হবে।

একটা মজার ঘটনার কথা মনে পড়ছে। ভারত পাকিস্তানে খেলতে গেছে। রাতের শিশির আর অল্প-স্বল্প বৃষ্টির হাত থেকে পিচ রক্ষা করবার জন্যে ঢেকে রাখা হলো। কিন্তু পিচ ঢাকার উপর কোন একটি দিকে গুড লেংথ, পজিশনের কাছাকাছি ছিলো একটা ফুটো।

 

 

পিচ-রোলিং, ঘাস কাটা ও জল দেওয়া

 

রাতের শিশির সেই ফুটোর মধ্যে দিয়ে পিচের উপর পড়ে তৈরি করলো সুন্দর একটা স্পট। পর দিন খেলার সময় পাকিস্তানী বোলাররা সেই স্পটের সুযোগ পুরোপুরিভাবে নিয়েছিলো। অবশ্য এই অবহেলার জন্যে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং ম্যানেজার পাকিস্তানের ক্রিকেট কর্তৃপক্ষের কাছে অভিযোগ, এবং আম্পায়ারের দৃষ্টি সেই দিকে আকর্ষণ করেছিলেন।

Leave a Comment